প্রধানমন্ত্রী আজ লালমনিরহাটের যাচ্ছেন তিস্তা মহাপরিকল্পনাসহ উন্নয়নের প্রত্যাশায় উত্তরের জনপদ

2026-11-19 00:53:05
news-picture

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট:

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সরকার প্রধানের এই বহুল প্রতীক্ষিত আগমনকে ঘিরে লালমনিরহাটসহ পুরো রংপুর বিভাগের বাসিন্দাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসবের আমেজ বিরাজ করছে। প্রশাসন ও স্থানীয় নেতাকর্মীদের প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও দিনটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে লালমনিরহাট জেলা শহর ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মিশনমোড়, রেলগেট, বাটার মোড়সহ প্রধান সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি নতুন রঙে সাজানো হচ্ছে। জনসভাস্থল কালেক্টরেট মাঠে বিশাল প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ। সফরকে সফল ও স্বাগত জানাতে এরই মধ্যে জেলায় আনন্দ মিছিল ও সাইকেল র‍্যালিসহ নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে লালমনিরহাটে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়’ ক্যাম্পাস পরিদর্শন করবেন। সেখানে তিনি প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এরপর জেলা সদরের মহেন্দ্রনগর এলাকায় পানি নিষ্কাশন মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সবশেষে বিকেলে জেলা শহরের কালেক্টরেট মাঠে আয়োজিত জনসভা এবং 'আলোকিত লালমনিরহাট' শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে প্রধানমন্ত্রীর এই সফর উত্তরাঞ্চলের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে তিস্তা নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত তিস্তাপাড়ের মানুষের প্রধান দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’। কালেক্টরেট মাঠের জনসভা থেকে প্রধানমন্ত্রী এই মহাপরিকল্পনার রূপরেখা ও বাস্তবায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নাগরিক সমাজ, ব্যবসায়ী ও কৃষকরা।

এছাড়া বুড়িমারী স্থলবন্দরের আধুনিকায়ন, লালমনিরহাট বিমানবন্দর চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারপ্রধানের কাছ থেকে কার্যকর ঘোষণা আসবে এমনটাই প্রত্যাশা করছেন উত্তরের এই জনপদের মানুষ। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে জেলাজুড়ে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুযোর্গ ব‌্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে এ অঞ্চলে উন্নয়নের নতুন যাত্রা শুরু হবে। এ অঞ্চলের মানুষ এখন প্রধানমন্ত্রীকে বরণের অপেক্ষায় ।