লালমনিরহাটে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সভাস্থলে ডগ স্কোয়াডের নিরাপত্তা তল্লাশি

2026-11-19 00:52:54
news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর আসন্ন লালমনিরহাট সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে জনসভাস্থল ও এর আশপাশের এলাকায় বিশেষ ডগ স্কোয়াডের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংশ্লিষ্ট পুলিশ ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভাস্থলের মঞ্চ, প্যান্ডেল এবং প্রবেশপথগুলোতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর (ডগ স্কোয়াড) দিয়ে নিবিড়ভাবে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে বোম্ব ডিসপোজাল ইউনিট এবং গোয়েন্দা সংস্থার সদস্যরাও পুরো মাঠের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, সফর নির্বিঘ্ন করতে সভাস্থল ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। জনসভাস্থলের সাজসজ্জা ও মঞ্চ নির্মাণের কাজ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।