নিজস্ব প্রতিবেদক:
কৃষকদের জন্য আধুনিক কৃষিযন্ত্র, যন্ত্রাংশ ও বিক্রয়োত্তর সেবা সহজলভ্য করতে রংপুরে আইফার্মারের ‘কৃষি যন্ত্রপাতি সেবা’ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় রংপুরের আর. কে. রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেন্টারটির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল আলম।
অনুষ্ঠানে আইফার্মারের স্ট্র্যাটেজিক প্রজেক্ট লিড (অ্যাগ্রি মেশিনারি) মোঃ মানদুদ-উল হক, অ্যাগ্রি মেশিনারি অ্যান্ড মেকানাইজেশন বিভাগের জিন্নুন নাহার এবং আইফার্মারের রংপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার প্রধান এবং বুরো বাংলাদেশ ও টিএমএসএস এবং আরডিআরএসের কৃষিঋণ বিভাগের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষি যান্ত্রিকীকরণের গুরুত্ব, এর ব্যবহারিক দিক এবং কৃষকদের জন্য আধুনিক কৃষিযন্ত্রের সহজলভ্যতা নিয়ে এসময় বিস্তারিত আলোচনা করা হয়।
এ প্রসঙ্গে মোঃমানদুদ-উল হক বলেন, “কৃষি যান্ত্রিকীকরণ শুধু কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করে না, বরং উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সামগ্রিক কৃষি ব্যবস্থাকে আরও দক্ষ করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের কাছে আধুনিক কৃষিযন্ত্র ও প্রয়োজনীয় সেবা সহজলভ্য করতে আইফার্মারের এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
আইফার্মারের এই উদ্যোগের মাধ্যমে কৃষক ও খুচরা যন্ত্রপাতি বিক্রেতারা একই জায়গা থেকে বিভিন্ন ধরনের কৃষিযন্ত্র, যন্ত্রাংশ এবং বিক্রয়োত্তর সেবা গ্রহণের সুযোগ পাবেন। এর ফলে কৃষিযন্ত্র সংগ্রহ ও ব্যবহারের প্রক্রিয়া আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হবে।
আইফার্মার একটি প্রযুক্তিনির্ভর কৃষি প্রতিষ্ঠান, যা কৃষি অর্থায়ন, উপকরণ সরবরাহ ও সাপ্লাই চেইন প্ল্যাটফর্ম তৈরির পাশাপাশি কৃষকদের সামগ্রিক উন্নয়নে কাজ করছে। কৃষি যন্ত্রপাতি সেবা সেন্টার চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের কৃষি যান্ত্রিকীকরণ ত্বরান্বিত করা এবং কৃষকদের আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখতে চায়।