মিঠাপুকুরে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'রহস্যজনক' অগ্নিকাণ্ড

2026-11-20 02:23:33
news-picture

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিদ্যালয়ের চিলেকোঠায় এ আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে অংশ নিচ্ছিল। এ সময় পাশের গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে বিদ্যালয়ে আগুন লাগার খবর জানতে পারেন সংশ্লিষ্টরা। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদে শ্রেণিকক্ষ থেকে বের করে আনা হয়। এতে কোনো শিক্ষার্থী হতাহত হয়নি বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চিলেকোঠায় প্লাস্টিকের বেঞ্চ ও কিছু পুরোনো নষ্ট আসবাবপত্র সংরক্ষিত ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যালয়ে পাঠদান চলাকালে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কয়েকজন শিক্ষার্থী বলেন, আমরা ক্লাস করছিলাম। এসময় পাশের বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগুন লাগার খবর আমাদের জানায়। আমরা ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সায়েলা পারভীন বলেন, আগুন লাগার বিষয়টি প্রথমে আমাদের জানা ছিলনা। পাশে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মাঠে থাকা শিক্ষার্থীদের চিৎকারে আগুন লেগেছে বলে জানতে পারি। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রন করেন। আগুন লাগার কারণ এখনও অবগত হতে পারিনি।