বদরগঞ্জে মসজিদের গম্বুজ ভেঙে শ্রমিকের মৃত্যু

2026-11-22 02:45:15
news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে পুরাতন মসজিদ ভাঙার কাজ করতে গিয়ে নির্মাণাধীন গম্বুজের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে শাহিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার রাধানগর বালাপাড়া জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর মাঝাপাড়া গ্রামের আজিয়ার রহমানের ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক ছিলেন। নিহতের স্ত্রী বর্তমানে গর্ভবতী বলে পরিবার সূত্রে জানা যায়।

পরিবারের সূত্রে জানা গেছে, শ্রমিক শাহিন বেশ কিছুদিন ধরে বালাপাড়া জামে মসজিদের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ করছিলেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি কাজের উদ্দেশ্যে মসজিদে যান। সেখানে কাজ করার সময় সকাল আনুমানিক ১১টার দিকে পুরাতন মসজিদের নির্মিত গম্বুজ ভেঙে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচা মো. জীকরুল হক, ছেলে মো. হয়রত আলী ও ভাতিজা মো. আশরাফুল ইসলাম থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহত শাহিনের বাবা আজিয়ার রহমান জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। তাঁর সঙ্গে আলোচনা করে অনুমতি নেওয়া এবং পরিবারের সদস্যরা শোকাহত থাকায় থানায় খবর দিতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে শাহিনের স্ত্রী গর্ভবতী হওয়ায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, রাধানগর বালাপাড়ায় মসজিদের কাজ করতে গিয়ে মসজিদের গম্বুজ ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।