গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

2026-11-24 20:51:14
news-picture

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জে আগমন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রতিমন্ত্রী ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা  জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক ফারুক আহম্মেদ প্রমূখ। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গোবিন্দগঞ্জে সফর করার কথা রয়েছে। এই সফরের দিন তিনি মরা করতোয়া নদী খনন, মহিমাগঞ্জস্থ রংপুর সুগার মিল পরিদর্শন, রংপুর ইপিজেডে'র ঘোষণাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করাসহ দু'টি স্থানে পথসভায় বক্তব্য রাখবেন বলে সভায় জানানো হয়।

প্রস্তুতিমূলক সভায় প্রধানমন্ত্রীর এই সফরকে সফল ও সর্বাঙ্গীন সুন্দর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি  উপ-কমিটি গঠন করা হয়েছে এবং উপ-কমিটিতে থাকা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।