কাউনিয়ায় সন্ত্রাস বিরোধী মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার

2026-11-24 20:54:31
news-picture

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় থানা পুলিশের সন্ত্রাস বিরোধী অভিযানে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা গ্রেফতার হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তাদেরকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতার মাইদুল ইসলাম মুকুল (৩৩) উপজেলার হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য এবং জসমত আলী (৬০) টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক।

পুলিশ জানায়, সোমবার (২৩ নভেম্বর) সন্ধা থেকে গভীররাত পর্যন্ত পুলিশের পৃথক পৃথক টিম হারাগাছ ও টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল। তিনি জানান, গত ১২ নভেম্বর ভোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার খোর্দ্দভুতছাড়া এলাকায় দলবদ্ধ হয়ে নাশকতার চেষ্টা করে।

ওসি বাদল কুমার মন্ডল বলেন, ওই ঘটনায় থানায় একটি  সন্ত্রাস বিরোধী আইনের ধারায় মামলা রুজু হয়েছে। গ্রেফতার আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতা মামলার তদন্তে প্রাপ্ত আসামী। মঙ্গলবার তাদেরকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।