ক্যান্সারে আক্রান্ত নাসিমার ঘর পুড়ে ছাই, পাশে দাঁড়ায়নি কেউ চিকিৎসা ও পুনর্বাসনে সরকারি-বেসরকারি সহায়তার অপেক্ষায় অসহায় পরিবার

2026-11-26 23:48:28
news-picture

নিজস্ব প্রতিবেদক:

একদিকে দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই, অন্যদিকে স্বামীহারা জীবনে দুই সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম। এর মধ্যেই আগুনে পুড়ে গেছে মাথা গোঁজার একমাত্র আশ্রয়। এত সংকটের পরও এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারি কোনো সহায়তা পাননি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের চর বিনবিনা এলাকার অসহায় নাসিমা বেগম। চিকিৎসা, সন্তানদের লেখাপড়া ও নতুন করে ঘর নির্মাণ—সবকিছুই এখন অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর পরিবারের।

নাসিমা বেগম ওই এলাকার খাজা আলমের মেয়ে। তাঁর স্বামী রবিউল ইসলাম পেশায় অটোরিকশাচালক ছিলেন। প্রায় সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যু হলে দুই সন্তানকে নিয়ে বিপাকে পড়েন তিনি। তবে দুঃখ-কষ্টের কাছে হার না মেনে অন্যের জমিতে শ্রমিকের কাজ করে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ জোগানোর চেষ্টা করতেন।

কিন্তু জীবনের সেই সংগ্রাম আরও কঠিন হয়ে ওঠে শারীরিক অসুস্থতায়। পিত্তথলির পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হলেও প্রায় তিন মাস ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন তিনি। চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে অসুস্থ মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসেন বৃদ্ধ বাবা খাজা আলম। বর্তমানে তাঁর পরিবারই নাসিমা ও দুই সন্তানের একমাত্র আশ্রয়।

পরিবারটির আর্থিক সংকটের চিত্রও অত্যন্ত করুণ। বৃদ্ধ খাজা আলমের বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়ে পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। নাসিমার একমাত্র ভাই সবুজ মিয়া জন্মগতভাবে বাক্‌প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন। বৃদ্ধ মা ফরিদা বেগমও অসুস্থ। এমন পরিস্থিতিতে পরিবারের ওপর নতুন করে বিপর্যয় নেমে আসে গত ১৯ নভেম্বর বিকেলে। আগুনে পুড়ে যায় নাসিমার বাবার বাড়িতে তাঁর থাকার একমাত্র ঘরটি। ঘরের আসবাবপত্রসহ ভেতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঘর হারিয়ে এখন পরিবারের সদস্যদের ঠাঁই হয়েছে একটি মাত্র কক্ষে। সেখানে নাসিমা, তাঁর দুই সন্তান, বৃদ্ধ বাবা-মা ও প্রতিবন্ধী ভাইকে নিয়ে মানবেতর দিন কাটছে। একদিকে চিকিৎসার খরচ, অন্যদিকে খাবার ও সন্তানদের পড়াশোনার ব্যয়—সব মিলিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

নাসিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘স্বামীকে হারানোর পর দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে জীবন চালিয়ে যাচ্ছিলাম। কখনো হাল ছাড়িনি। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর বাবার বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। এখন থাকার একমাত্র ঘরটিও আগুনে পুড়ে গেল। এত বিপদের পরও এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কেউ কোনো সহযোগিতা করেননি।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। বিনবিনা এলাকার সচেতন যুবক জুয়েল মিয়া বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। নিজেকে সমাজসেবক হিসেবে পরিচয় দেওয়ার মানুষের অভাব নেই। অথচ একটি পরিবার এতটা অসহায় অবস্থায় দিন কাটালেও তাদের পাশে কাউকে দেখা যাচ্ছে না। বিষয়টি সত্যিই দুঃখজনক।’

একই এলাকার লবিব মিয়া বলেন, ‘চরের মানুষের ভোটের সময় সবাই খোঁজ নেয়। কিন্তু খাজা আলমের পরিবারের মতো বিপদগ্রস্ত মানুষের পাশে কেউ দাঁড়ায়নি। এতে বোঝা যায়, অনেকেই মানুষের সেবা নয়, শুধু ভোটের সময়ই মানুষের কাছে আসেন।’

কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা এলাকার ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম বলেন, ‘পরিবারটির বিষয়ে পরিষদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আশা করছি, তারা সরকারি সহায়তা পাবে।’

এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ‘বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে কেউ আবেদন নিয়ে আসেননি। আবেদন করলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব।’

স্বামীর মৃত্যু, ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাহীনতা এবং সর্বশেষ অগ্নিকাণ্ডে বসতঘর হারিয়ে নাসিমার পরিবার এখন দিশেহারা। এই সংকটময় মুহূর্তে পরিবারটির চিকিৎসা, খাদ্য ও পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সামর্থ্যবান মানুষের সহযোগিতা প্রয়োজন।

সহায়তার জন্য যোগাযোগ: ০১৩২৪০১৪৯২৮