নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের অবদান গুরুত্বপূর্ণ। গঙ্গাচড়া উপজেলার বহু পরিবার গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। এ খাতকে আরও এগিয়ে নিতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে পশুপালনে উৎসাহিত করতে হবে। পাশাপাশি প্রাণীর রোগ প্রতিরোধ, সময়মতো টিকাদান ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। প্রাণিসম্পদ বিভাগের সেবা যেন প্রত্যন্ত এলাকার খামারিদের কাছেও পৌঁছায়, সে উদ্যোগ নিতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান বলেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের পশু পালন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। গবাদিপশু ও হাঁস-মুরগিকে রোগমুক্ত রাখতে নিয়মিত টিকাদান ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। খামারিরা যেকোনো সমস্যায় প্রাণিসম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে চিকিৎসা, পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হবে। নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাসার, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সম্প্রসারণে খামারিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির প্রয়োগ, প্রাণীর স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্ব দেন। তাঁদের মতে, পরিকল্পিতভাবে এ খাতের উন্নয়ন করা গেলে গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।