রংপুরে গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

2026-11-29 08:47:29
news-picture

রংপুর প্রতিনিধি:

রংপুর নগরের আর কে রোড এলাকায় বিআরটিসি বাস ডিপোর সামনে শনিবার ভোরে একটি গ্যারেজে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির ইঞ্জিনসহ পুরো গাড়ি পুড়ে গেছে।

 পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে নগরের আর কে রোড এলাকায় বিআরটিসি বাস ডিপো সংলগ্ন একটি গ্যারেজে রাখা বাসটিতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা। তবে ততক্ষণে বাসটির ইঞ্জিনসহ পুরো গাড়ি পুড়ে যায়।

রংপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, আগুনে পুড়ে যাওয়া বাসটি অকেজো অবস্থায় দীর্ঘদিন ধরে গ্যারেজে পড়ে ছিল। এটি ব্যবহারের উপযোগী ছিল না। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ওসি ওয়াদুদ আলম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা কেউই ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি।

বাসটির মালিক আসাদুজ্জামান আপেল জানান, বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিলো। কিভাবে আগুন লেগেছে বা কেউ বাসটিতে আগুন দিয়েছে তা তিনি জানেন না। আগুনে তার প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।