১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৫ মে, ২০২৬ - 25 May, 2026

বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন

16
2026-05-24 15:40:08

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশন টানা ৮ দিন বন্ধ থাকবে। এ সময় বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন বা অভিবাসন চৌকি স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।

বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত টানা ৮ দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে পুনরায় বন্দরের সব ব্যবসায়িক কার্যক্রম ও আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত ছুটির এই চিঠি কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, প্রশাসন, বিজিবি, বিএসএফ এবং ভারত ও ভুটানের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনসহ সব দপ্তরে পাঠানো হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আট দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে যথারীতি সকল ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, ‘ঈদে স্থলবন্দরের ব্যবসা বন্ধের চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন পথ দিয়ে ভিসা ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।’

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান এবং স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান জানান, এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়