১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৫ মে, ২০২৬ - 25 May, 2026

বাকৃবির শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

220
2025-09-15 05:24:05

news-picture
বাকৃবির শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

নিজস্ব প্রতিবেদক,
আবারও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গেটে নারী শিক্ষার্থীসহ দুজনের ওপর হামলা করেছে বহিরাগতরা। এতে এক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টারে চিকিৎসা নেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন কৃষি অনুষদের প্রাণ-রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রাশিদুল আলম রিফাত ও একই বিভাগের নাহার আক্তার।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল আলীম বলেন, ‘আমরা দোষীদের চিহ্নিত করতে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত দেওয়া আমরা গুরুতরভাবে দেখছি।’


শিক্ষার্থীরা জানান, কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের খেলার মাঠ সবার জন্য উন্মুক্ত করার দাবিতে এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তা ব্যারিকেড দিয়ে মানববন্ধন করছিলেন। এ সময় ওই দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে বহিরাগতরা শিক্ষার্থীদের কোমরের বেল্ট খুলে পেটান।

আহত রাশিদুল আলম রিফাত বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে আসার সময় দেখি তাঁরা রাস্তা আটকে আন্দোলন করছেন। আন্দোলনকারীদের বললাম, আমরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ক্যাম্পাসে প্রবেশ করতে চাই। আপনারা রাস্তা ব্লক করে আন্দোলন করছেন। আন্দোলন করুন, কিন্তু কারও অসুবিধা না হলে ভালো হয়।


অপর শিক্ষার্থী নাহার বলেন, ‘আমরা একসঙ্গে ছিলাম। তাঁরা রাস্তা আটকে আন্দোলন করলে আমরা খুলে দিতে বলি। তখন তার (রাশিদুল) ওপর হামলা চালানো হয়। এ সময় অনেকে মিলে বেল্ট দিয়ে মারতে থাকে। আমি ঠেকাতে গেলে তারা আমাকেও মারে।’

সূত্রে জানা গেছে, কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের মাঠ দীর্ঘদিন ধরে বহিরাগত এলাকাবাসী দখল করে রেখেছেন। এতে চুরি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের প্রবেশ বন্ধে নির্দেশ দেওয়ায় এলাকাবাসী কলেজ কর্তৃপক্ষকে হুমকি দেন। প্রতিবাদে গতকাল শনিবার কলেজের অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা আমরণ অনশনে বসেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে তাঁরা অনশন ভঙ্গ করেন।

এর আগে গত ৩১ আগস্ট রাতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনকারীদের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করেছে বহিরাগতরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ওই সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। এ ঘটনার রেশ না কাটতেই আবারও বাকৃবির দুই শিক্ষার্থীর ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটল।

আমাদের প্রতিদিন/মাসফিকুল

সর্বশেষ

জনপ্রিয়