২৬ চৈত্র, ১৪৩২ - ১০ এপ্রিল, ২০২৬ - 10 April, 2026

বিদ্যালয়ের মাঠ দখল করে ইটের খোয়ার স্তুপ: বিপাকে শিক্ষার্থীরা, ক্ষোভ অভিভাবকদের

1 hour ago
16


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব খলেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে সড়ক নির্মাণ কাজের ইটের খোয়ার বিশাল স্তুপ করে রাখায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

জানা গেছে, সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে ট্রাকে করে ইট এনে স্কুল মাঠে ফেলে রাখে। অভিযোগ রয়েছে, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে না জানিয়েই মাঠটি ব্যবহার করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে ধুলোবালি মিশ্রিত ইটের খোয়া ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না, এমনকি স্বাভাবিকভাবে চলাফেরাও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী ইটের খোয়ায় হোঁচট খেয়ে আঘাত পেয়েছে বলেও জানা গেছে।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, “আমাদের খেলার মাঠে ইট ফেলে রাখায় আমরা ঠিকমতো খেলতে পারছি না। মাঠও নষ্ট হয়ে যাচ্ছে।”

এদিকে বাতাসে উড়তে থাকা ইটের খোয়ার ধুলোবালির কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। ধুলো চোখ-মুখে ঢুকে নানা ধরনের সমস্যার সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা দ্রুত বিদ্যালয়ের মাঠ থেকে ইটের খোয়া অপসারণ এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদ বলেন, “মালামাল সরানোর জন্য ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছিল। কিন্তু তা করা হয়নি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, “উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি কঠোরভাবে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদার নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ এভাবে ব্যবহার করা অনভিপ্রেত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth