পীরগাছায় ৫০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছায় পুলিশি অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, অত্র থানাধীন গ্রাম- গুঞ্জুর খাঁ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে, আঙ্গুর মিয়া (৪৫) এবং অনন্তরাম (বড়বাড়ী) গ্রামের মৃত. মোসলেম উদ্দিনের ছেলে, বিলাশ হোসেন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, পীরগাছা থানার এস আই শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ পারুল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। রাত আনুমানিক ১১:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রামে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে পুলিশ ওই গ্রামের অভিযুক্ত আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আঙ্গুর ও বিলাশকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আঙ্গুর মিয়ার বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে দুটি প্লাস্টিকের জারকিন ও একটি বালতি থেকে সর্বমোট ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানায়, আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা করা হয়েছে। (মামলা নং-০৭, তারিখ: ০৭/০৩/২০২৬ খ্রি.) তিনি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে আজ শনিবার দুপুরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেছেন তিনি।