৫ চৈত্র, ১৪৩২ - ১৯ মার্চ, ২০২৬ - 19 March, 2026

ঈদের খুশি ছড়িয়ে দিতে গঙ্গাচড়ায় মানবিক সহায়তা বিতরণ

1 hour ago
70


নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই সহায়তা বিতরণের মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত এই সহায়তা দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে।

ঈদের আনন্দ যেন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ।

তিনি আরও বলেন, কোনো মানুষ যেন অভাবের কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেটিই সরকারের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ উপলক্ষে প্রাপ্ত ১০ লাখ টাকা গঙ্গাচড়া উপজেলা ও রংপুর মহানগরীর ১-৯ নং ওয়ার্ডের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মোঃ নায়েবুজ্জামান, নায়েবে আমির মোঃ তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, উপজেলা শিক্ষা অফিসার শায়লা জেসমিন সাঈদসহ গণমাধ্যমকর্মী ও সুবিধাভোগীরা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth