৮ বৈশাখ, ১৪৩৩ - ২১ এপ্রিল, ২০২৬ - 21 April, 2026

ঘোড়াঘাটে তেলের জন্য দীর্ঘ লাইন, জরিমানা করেও কমছে না মোটরসাইকেলের ভিড়

3 weeks ago
108


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের নওরিন ফিলিং স্টেশনে তেলের পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইনে জনদুর্ভোগ বাড়লেও প্রশাসনের বিভিন্ন পদক্ষেপেও পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেল নিতে আসা মোটরসাইকেলের চাপ নিয়ন্ত্রণে আনতে প্রশাসন জরিমানা আরোপ করলেও লাইনের দৈর্ঘ্য কমছে না। বরং ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাম্পে ভিড় লেগেই থাকছে।

অভিযোগ রয়েছে, কিছু অসাধু খুচরা ব্যবসায়ী এই সংকটকে পুঁজি করে উচ্চ দামে তেল বিক্রি করছে। যেখানে সরকার নির্ধারিত মূল্যের তুলনায় তারা প্রতি লিটার তেল প্রায় ২০০ টাকায় বিক্রি করছে বলে জানা গেছে।

এছাড়া একই ব্যক্তি একাধিকবার বিভিন্ন কৌশলে তেল সংগ্রহ করছে বলেও অভিযোগ উঠেছে। কেউ মোটরসাইকেলে তেল নিয়ে বাড়িতে মজুত রাখছে, আবার পরে বোতল নিয়ে এসে পুনরায় তেল সংগ্রহ করছে। এতে করে সাধারণ ভোক্তারা ন্যায্যভাবে তেল পেতে ব্যর্থ হচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এই পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া তেল পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে পরিবহনসহ দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রুবানা তানজিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং লাইনে শৃঙ্খলা ফেরাতে জরিমানা করা হচ্ছে। তবুও অতিরিক্ত চাপের কারণে কাক্সিক্ষত ফল পাওয়া যাচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth