৩০ চৈত্র, ১৪৩২ - ১৪ এপ্রিল, ২০২৬ - 14 April, 2026

অর্থ বরাদ্দ দেরি ও প্রশাসনিক ব্যস্ততায় বিজ্ঞান মেলা হয়নি—গঙ্গাচড়ায় ইউএনওর ব্যাখ্যা

3 hours ago
123


নির্মল রায়:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান ও অংশীজনদের মধ্যে অসন্তোষ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের অডিও ভিজ্যুয়াল ও ডিসপ্লে শাখা থেকে ৩০ মার্চ ২০২৬ তারিখে জারি করা নির্দেশনায় দেশব্যাপী উপজেলা পর্যায়ে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা আয়োজনের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন করে ১১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে বিজয়ীদের তালিকা জেলা প্রশাসকের কাছে প্রেরণ করতে হবে।

নির্দেশনা অনুযায়ী গঙ্গাচড়া উপজেলায় ৮–৯ এপ্রিল বিজ্ঞান মেলা আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও তা নির্ধারিত সময়ে বাস্তবায়িত হয়নি।

এ বিষয়ে একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“গত ৮–৯ এপ্রিল বিজ্ঞান মেলা হওয়ার কথা ছিল। সে লক্ষ্যে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু কী কারণে হয়নি তা আমরা জানি না।”

তারা আরও বলেন, সময়মতো মেলা অনুষ্ঠিত না হওয়ায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ মাহফুজ বলেন,

“বিজ্ঞান ও প্রযুক্তি মেলা হয়নি, তবে এটি আয়োজন করা হবে। ইউএনও মহোদয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী তারিখ নির্ধারণ করা হবে।”

অন্যদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন আক্তার জানান, অর্থ বরাদ্দ দেরিতে পাওয়া এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। তিনি বলেন,

“অর্থ বরাদ্দ দেরিতে আসা এবং বিভিন্ন প্রশাসনিক ব্যস্ততার কারণে বিজ্ঞান মেলা নির্ধারিত সময়ে আয়োজন করা যায়নি। তবে পরবর্তীতে এটি আয়োজন করা হবে।”

মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সীমা থাকা সত্ত্বেও গঙ্গাচড়ায় বিজ্ঞান মেলা যথাসময়ে অনুষ্ঠিত না হওয়ায় প্রশাসনিক সমন্বয় ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় শিক্ষক ও সচেতন মহল দ্রুত নতুন তারিখ নির্ধারণ করে কার্যকরভাবে মেলা আয়োজনের দাবি জানিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth