১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০২ জুন, ২০২৬ - 02 June, 2026

মিঠাপুকুরে মদ পান করে ২ জনের মৃত্যু, গুরুতর অসুস্থ ২

29
2026-06-01 17:18:25

news-picture

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট এলাকায় মদ পান করে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দু'জন গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার কাফ্রীখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০) এবং বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) ।

গুরুতর অসুস্থ ব্যক্তিরা হলেন বুজরুক ঝালাই পাকারমাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে মোঃ এরশাদ মিয়া (৪০) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মোঃ সাজু মিয়া (৫৫) ।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩১ মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয় এবং অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে পরিবারের সদস্যরা অসুস্থদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা শুরু হয়। এদিকে হুজুর আলী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অপরদিকে ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছগ্রামে বসবাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন মোছাঃ আকলিমা বেগমের বাড়িতে রয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলাম বলেন, তারা মদ্যপান করেই মারা গিয়েছে। লাশকে যাতে পোস্ট মডেম করাতে না হয় এই জন্য পরিবারের লোকজন বিষয়টা গোপন করার চেষ্টা করতেছে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন বলেন, এঘটনায় এখনো তদন্ত চলমান আছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়