২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১২ জুন, ২০২৬ - 12 June, 2026

গঙ্গাচড়ায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনীতে ব্যানারে বিদ্যালয়ের নামের বানান ভুল, শিক্ষার্থীদের ক্ষোভ

124
2026-06-12 14:13:20

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অনুষ্ঠিত ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’-এর ব্যানারে অংশগ্রহণকারী একটি বিদ্যালয়ের নামের বানান ভুল থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস হলরুমে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং বিভিন্ন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়।

তবে অনুষ্ঠানস্থলে টানানো ব্যানারে অংশগ্রহণকারী রাজবল্লভ উচ্চ বিদ্যালয়ের নাম ভুলভাবে লেখা হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসার পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা দাবি করেন, একটি সরকারি ও শিক্ষামূলক আয়োজনের ব্যানারে বিদ্যালয়ের নামের মতো গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে উপস্থাপন করা দায়িত্বশীলতার অভাবের পরিচায়ক।

রাজবল্লভ উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমাদের বিদ্যালয়ের নাম ব্যানারে ভুলভাবে লেখা হয়েছে। আমরা এতে কষ্ট পেয়েছি। এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ ধরনের ভুল কাম্য নয়। সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই সরকারি অনুষ্ঠানের ব্যানার প্রস্তুতের ক্ষেত্রে আরও সতর্কতা ও তদারকির দাবি জানিয়েছেন।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, “ব্যানারে বিদ্যালয়ের নামের ভুলটি আমার নজরে এসেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।”

গঙ্গাচড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ বলেন, “বিদ্যালয়ের নামের ভুলটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে। আমরা বিষয়টি জেনেছি এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে আরও সতর্ক থাকব।”

শিক্ষার্থীদের দাবি, শিক্ষা ও উদ্ভাবনভিত্তিক এমন গুরুত্বপূর্ণ আয়োজনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের পরিচয় যথাযথভাবে উপস্থাপন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়