৩ শ্রাবণ, ১৪৩৩ - ১৮ জুলাই, ২০২৬ - 18 July, 2026

সুন্দরগঞ্জে বিচারাধীন জমিতে ঘর নির্মাণের অভিযোগ, প্রাণনাশের হুমকি

36
2026-07-18 19:08:49

news-picture

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে পৈতৃক ও ক্রয়সূত্রে অর্জিত জমি জোরপূর্বক দখল, ভোগদখলে বাধা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. আজিজার প্রামানিক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, তালুক সর্বানন্দ গ্রামের বাসিন্দা মো. আজিজার প্রামানিক, ওই মৌজার এসএ, আরএস ও বিআরএস খতিয়ানভুক্ত একাধিক দাগের জমির বৈধ মালিক তিনি। জমির একটি অংশ তিনি পৈতৃক ও ফৌতি সূত্রে এবং অপর অংশ ক্রয়সূত্রে অর্জন করেন। কিন্তু একই গ্রামের রঞ্জু মিয়া, গোলজার প্রামানিক, ফেরদৌস প্রামানিক ও মাহাবুর রহমান দীর্ঘদিন ধরে তার বয়সজনিত দুর্বলতার সুযোগ নিয়ে ওই জমি ভোগদখল করে আসছেন।

ভুক্তভোগীরা জানান, একাধিকবার অভিযুক্তদের কাছে জমি বুঝিয়ে দেওয়ার অনুরোধ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেন। বরং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এরই একপর্যায় চলতি বছরের ১০ মে সকাল আনুমানিক ১১টার দিকে তিনি নিজের জমিতে গেলে অভিযুক্তরা তাকে সেখানে যেতে বাধা দেন। এ সময় তারা জমি ছাড়তে অস্বীকৃতি জানান এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।

ভুক্তভোগী মো. আজিজার প্রামানিক বলেন, বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণের কাজ চলছে। এতে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ, দাঙ্গা-হাঙ্গামা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে অভিযুক্ত রঞ্জু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, আজিজার প্রামানিক যে অভিযোগ করেছেন তা সঠিক নয়। জমি নিয়ে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আমরা কারও জমি জোর করে দখল করিনি। আদালতের সিদ্ধান্তই আমরা মেনে চলব ও ঘরবাড়ি নির্মাণ করবো।।

সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হয়েছে। তবে সমাধান না হওয়ায় বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। সবাইকে আইন নিজের হাতে তুলে না নিয়ে আদালতের সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ শাহীন বলেন, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি নিজেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং মামলা নিষ্পত্তি বা বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে কোনো ধরনের ঘরবাড়ি নির্মাণ না করার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, অভিযোগকারী জানান, সংশ্লিষ্ট জমি নিয়ে গাইবান্ধা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা নং-১৭৭৬/২২ বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি দাবি করেন, জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় দলিল, খতিয়ান ও অন্যান্য কাগজপত্র তার কাছে সংরক্ষিত রয়েছে।

এদিকে, বিরোধপূর্ণ জমিতে নতুন করে স্থাপনা নির্মাণের অভিযোগ এবং উভয় পক্ষের অবস্থানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়