গঙ্গাচড়ায় বাইরের জেলার শিক্ষক পদায়ন, ক্ষোভ-সমালোচনা কোটা পূরণের পরও বদলি, প্রশ্নের মুখে সিদ্ধান্ত; কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস এমপির
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাইরের জেলা থেকে সহকারী শিক্ষক বদলি করে পদায়ন দেওয়ায় শিক্ষক ও সচেতন মহলে ক্ষোভ ও সমালোচনা দেখা দিয়েছে। নির্ধারিত ১০ শতাংশ বদলি কোটা পূরণ হওয়ার পরও নতুন করে বাইরের জেলা থেকে শিক্ষক পদায়ন করায় স্থানীয় শিক্ষকদের অন্যত্র বদলির সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে স্থানীয় যোগ্য বেকার যুবক-যুবতীদের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ কমে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের ২৪ নভেম্বর ২০২৬ তারিখের এক অফিস আদেশে ২০ জন সহকারী শিক্ষককে আন্তজেলা বদলির নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ওই আদেশের তালিকায় গঙ্গাচড়া উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাইরের জেলা থেকে চারজন সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, উপজেলার চর বিনবিনা, চর ইশোরকুল, কে এনবি এবং পশ্চিম মান্দ্রাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত চারজন সহকারী শিক্ষককে পদায়ন করা হয়েছে। আন্তজেলা বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণবিষয়ক কমিটির ২৪ নভেম্বরের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ আদেশ জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বদলির আদেশপ্রাপ্ত শিক্ষকরা কোনো ধরনের টিএ/ডিএ পাবেন না বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম চাঁদ। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী ১০ শতাংশ শিক্ষক অন্য জেলা বা উপজেলা থেকে বদলি হয়ে আসার সুযোগ রয়েছে। কিন্তু গঙ্গাচড়া উপজেলায় এ কোটা অনেক আগেই পূরণ হয়েছে। এরপরও বাইরের জেলা থেকে শিক্ষক পদায়ন করা হলে স্থানীয় শিক্ষকদের অন্যত্র বদলির সুযোগ বাধাগ্রস্ত হবে।
তিনি আরও বলেন, বিদ্যালয়গুলোতে বাইরের জেলা থেকে শিক্ষক পদায়নের ফলে স্থানীয় শিক্ষকদের বদলির সুযোগ সংকুচিত হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে উপজেলার যোগ্য বেকার যুবক-যুবতীদের শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগও কমে আসবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, ‘১০ শতাংশ কোটা অনেক আগেই পূরণ হয়েছে। তারপরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদায়ন দিলে আমাদের কিছু করার থাকে না।’
বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, প্রাথমিক শিক্ষা, রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সহকারী পরিচালক) মো. আমিনুল ইসলাম মন্ডলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।’
এদিকে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, ‘এটা ঠিক হয়নি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’
বিষয়টি নিয়ে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, ‘এটি বিধিসম্মত ও বাস্তবসম্মত হয়নি। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরও এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, এ পদায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও শিক্ষক ও সচেতন ব্যক্তিদের মধ্যে সমালোচনা চলছে। বিভিন্ন মন্তব্যে সংসদ সদস্যের কার্যকর ভূমিকা কামনা করেছেন অনেকে। মোবাশের আহমেদ মুরাদ এ বিষয়ে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে একমত পোষণ করেন। আজম আলী মন্তব্য করেন, ‘এটা মানা যায় না। প্রয়োজনে স্মারকলিপি দিতে হবে এমপি ও ডিপিও বরাবর।’ রুহুল ইসলামও এ দাবির সঙ্গে একমত প্রকাশ করেন।
রবিউল রবি মন্তব্যে বলেন, এ বিষয়ে সম্মিলিত উদ্যোগ নিতে হবে এবং সংসদ সদস্যের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। অন্যদিকে মোয়াজ্জেমা নাহিদ ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘এভাবে আর কত? এটা বন্ধ করার জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।’ প্রয়োজনে শিক্ষকদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়ার কথাও বলেন তিনি।
স্থানীয় শিক্ষক ও সচেতন মহলের প্রশ্ন, নির্ধারিত ১০ শতাংশ বদলি কোটা পূরণ হয়ে থাকলে নতুন করে বাইরের জেলা থেকে শিক্ষক পদায়নের সিদ্ধান্ত কীভাবে নেওয়া হলো? এ ক্ষেত্রে বদলি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি স্থানীয় শিক্ষকদের বদলির সুযোগ অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।