১০ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২৪ নভেম্বর, ২০২৬ - 24 November, 2026

কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেলেন ২৫১ রোগী

7
2026-11-24 20:44:56

news-picture

 কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম অষ্টমীর চর ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন এই চরাঞ্চলে দিনব্যাপী ক্যাম্পে ২৫১ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি রোগীদের মধ্যে ৮৫টি চশমা ও ১২৫টিরও বেশি আই ড্রপ বিতরণ করা হয়। চোখের অপারেশনের জন্য ৩০ জন রোগীকে নেওয়া হচ্ছে উলিপুরের মরিয়ম চক্ষু হাসপাতালে।

সোমবার (২৩ নভেম্বর) ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে স্থানীয় মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পকে ঘিরে চরাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আশপাশের বিভিন্ন চর থেকে চোখের সমস্যায় ভোগা নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে ছুটে আসেন।

ব্রহ্মপুত্র নদবেষ্টিত এসব চরাঞ্চলে যাতায়াতের প্রধান মাধ্যম নৌকা। পর্যাপ্ত চিকিৎসাসেবার অভাবে অসুস্থ হলে স্থানীয়দের নৌকা ভাড়া করে মূল ভূখণ্ড কিংবা জেলা শহরে যেতে হয়। এতে বাড়তি অর্থ ও সময় ব্যয় হওয়ায় অনেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। ফলে সামান্য চোখের সমস্যাও অনেক সময় জটিল আকার ধারণ করে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, চশমা ও আই ড্রপ পেয়ে স্বস্তি প্রকাশ করেন সেবাগ্রহীতারা।

স্থানীয় মনোয়ারা, আলিমন ও জয়নব জানান, চিকিৎসার জন্য জেলা শহরে যেতে হলে যাতায়াত খরচসহ নানা ভোগান্তি পোহাতে হয়। দুর্গম এলাকায় এ ধরনের চক্ষু চিকিৎসা ক্যাম্প তাদের জন্য বড় সুযোগ। তবে বিশেষ আয়োজনের পাশাপাশি নিয়মিত এমন চিকিৎসাসেবা চালুর দাবি জানিয়েছেন তারা।

ব্র্যাক চিলমারীর এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. মাহবুবুর রহমান বলেন, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে চরাঞ্চলের অনেক মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা বিবেচনা করেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে আড়াই শতাধিক মানুষ চক্ষু চিকিৎসাসেবা পেয়েছেন। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মরিয়ম চক্ষু হাসপাতালের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিবুল হাসান বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের আড়াই শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চোখের অপারেশনের জন্য ৩০ জন রোগীকে চরাঞ্চল থেকে নিজস্ব অর্থায়নে হাসপাতালে নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে।

চরাঞ্চলের মানুষের কাছে এ উদ্যোগ দীর্ঘদিনের চিকিৎসাবঞ্চনার মধ্যে একটুকরো স্বস্তি হয়ে এসেছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে দুর্গম এলাকার অসহায় মানুষ সহজেই প্রয়োজনীয় চক্ষু চিকিৎসাসেবা পাবেন।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়