৭ অগ্রহায়ণ, ১৪৩৩ - ২২ নভেম্বর, ২০২৬ - 22 November, 2026

মাদক কারবারীদের কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই......... সামসুজ্জামান সামু

38
2026-11-21 19:17:54

news-picture

আব্দুল্লাহ আল আমিনঃঃ

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. সামসুজ্জামান সামু বলেছেন, মাদক কারবারীদের কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় নেই। তাই অপরাধী যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তাকেও ছাড় দেওয়া যাবে না।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ মাগরিব রংপুর নগরীর লালবাগ চত্বরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশটি আয়োজন করেন সম্মিলিত মাদক ও সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন, রংপুর মহানগরের ১৪, ১৫, ২১, ২২ ও ২৮ নম্বর ওয়ার্ড শাখা।

সামসুজ্জামান সামু বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত রংপুর গড়তে প্রশাসনকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে। যারা দলীয় পরিচয় দিবে তাদের পাঁচা আগে লাল করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। বিএনপি কোনো অপরাধের দায় নেবে না। দলের পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, নগরীর বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদেরও ঐক্যবদ্ধ ও সোচ্চার হতে হবে। প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ ছাড়া এ ধরনের সামাজিক অপরাধ নির্মূল করা সম্ভব নয়।

নগর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, রংপুর নগরীর সাতমাথা থেকে লালবাগ রেলক্রসিং পর্যন্ত রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ বিষয়ে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ কাজ করছে। অবৈধ স্থাপনা ও দখলমুক্ত করে পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নগরীর মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য ৪১ কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে এ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক (অতিঃ দায়িত্ব) দিলারা রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ।

আয়োজনে সম্মিলিত মাদক ও সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক আবু আহমেদ সিদ্দিক পারভেজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাফিউল ইসলাম সাফির সঞ্চালনায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন, লালবাগ দোকান মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম আঙ্গুর, যুগ্ম সাধারণ সম্পাদক শ্বেতফুল আলম গোলাপ, কারমাইকেল শিক্ষার্থী পরিষদের সাবেক আহ্বায়ক রেজওয়ান আহমেদ সৌধসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়