কুড়িগ্রামে সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি: দেখা মিলল না সূর্যের
কুড়িগ্রাম প্রতিনিধি :
ঘন মেঘ, হিমেল বাতাস আর থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শনিবার সারাদিনই এমন আবহাওয়া ছিল কুড়িগ্রামে। আকাশে সূর্যের দেখা মেলেনি এক মুহূর্তের জন্যও। শীতের অনুভূতি বেড়ে যাওয়ায় ঘর থেকে বের হননি অনেকেই। মাঠে পাকা আমন ধান কাটতে বের হতে পারেননি কৃষক। কাটা ধান মাড়াই ও শুকানো নিয়ে বিপাকে পড়েছেন কৃষক।
শনিবার (২১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বাড়লেও হিমেল হাওয়ায়র কারণে ঠান্ডার প্রকোপ ছিলো বেশী। ফলে ঘরের বাইরে লোকজনের উপস্থিতি ছিল কম।
স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় ঠান্ডার অনুভূতি কিছুটা কম থাকলেও বিকেলের পর তা বেড়ে যায়। ভোরে কুয়াশা ও হিমেল বাতাসে শীত বেশি অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা মিলছে না।
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা বাজার এলাকার কৃষক মহিবুল ও আমজাদ বলেন, সকালে প্রচুর কুয়াশা থাকে, সেই সঙ্গে ঠান্ডাও। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। বিকেলেই নেমেছে যেন সন্ধ্যা চারদিকে অন্ধকারচ্ছন্ন হয়েছে।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, আকাশে ঘন মেঘ থাকার কারণে এমন আবহাওয়ার সৃষ্টি হয়েছে। আগামী দুই থেকে তিন দিন এ পরিস্থিতি থাকতে পারে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।