তারাগঞ্জে কয়েলের আগুনে পুড়ল পুরাতন কাগজ ও ঝুটের গুদাম
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে পুরাতন কাগজ ও ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ঘনিরামপুর এলাকার বাঙ্গালীপুরে অবস্থিত গুদামটিতে মশার কয়েলের আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গুদামটির মালিক উপজেলার রামপুর গ্রামের রশিদুল ইসলাম। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল সিফেন্স ষ্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা শরীফ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কয়েলে আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় গুদামে মজুদ থাকা পুরাতন কাগজ ও ঝুটের বিপুল পরিমান মালামাল পুড়ে যাওয়ায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশস্কা করা হচ্ছে। গুদামের মালিক রশিদুল ইসলাম জানান, গুদামে পুরাতন বিভিন্ন ধরনের কাগজ ও ঝুটের কয়েক লাখ টাকার মালামাল ছিলো। অগ্নিকাণ্ডের ঘটনায় আমি একদম শেষ । অনেক কষ্ট করেই প্রায় ৬ বছর আগে এই প্রতিষ্ঠনটি গড়ে তুলেছিলাম।