বেরোবিতে বিএনকিউএফ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) ফর হায়ার এডুকেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষার মানকে বৈশ্বিক মানে উন্নীত করা অপরিহার্য। বিএনকিউএফ এমন একটি কাঠামো, যা শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ফ্রেমওয়ার্ক যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম। তিনি একইসঙ্গে কী-নোট স্পিকার হিসেবে বিএনকিউএফ-এর কারিগরি দিকসমূহ উপস্থাপন করেন এবং শিক্ষাক্রমের আধুনিকায়নে এ ফ্রেমওয়ার্কের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব ও ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।