৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৩ মে, ২০২৬ - 23 May, 2026

লালমনিরহাট সীমান্তে দফায় দফায় বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড!

35
2026-05-23 16:29:48

news-picture

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট:

লালমনিরহাটের পাটগ্রামের দুটি সীমান্তের শুন‌্য রেখায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ’র খুঁটি স্থাপনের অপচেষ্টা বিজিবি’র কঠোর অবস্থানে পণ্ড হয়ে গেছে। বিজিবি-র তীব্র প্রতিবাদের মুখে বিএসএফ তাদের স্থাপিত খুঁটি তুলে পিছু হটতে বাধ্য হয়।

ওই ঘটনায় শনিবার (২৩ মে ২০২৬) সকালে বিজিবি-বিএসএফ’র মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, উচ্চপর্যায়ের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সীমান্তে সব ধরনের কাজ বন্ধ থাকবে। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে ওই সীমান্তগুলোতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

সীমান্ত ও বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই উপজেলার দহগ্রাম সীমান্তে শুন‌্য রেখায় বিএসএফ’র একটি দল সীমান্তের ১৫০ গজের ভেতরে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহবান জানায় ও স্থাপিত খুঁটি অপসারণের দাবি করেন। বিজিবি’র কড়া অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় এবং শুন‌্য রেখায় বসানো খুঁটি অপসারণ করে সেখান থেকে পিছু হটে।

এর আগে একই দিন (শুক্রবার) দুপুরে ওই উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক মেইন পিলার নং ৮০৬-এর কাছে বিএসএফের আরেকটি দল একইভাবে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও কলসিরমুখ বিওপির বিজিবি সদস্যদের নজরে আসার সাথে সাথেই বিজিবি ঘটনাস্থলে গিয়ে তীব্র আপত্তি জানায় এবং তাদের প্রতিহত করে।

কলসিরমুখ সীমান্ত এলাকায় আরেকটি ঘটনা ঘটে। একদল ভারতীয় চোরাকারবারি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা পিছু না হটলে বিজিবি তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে বাধ্য হয়।

দহগ্রাম-আঙ্গরপোতা সংগ্রাম কমিটি (বিলুপ্ত)’র সাধারণ সম্পাদক রেজানুর রহমান রেজা জানান, সীমান্তে নানা ভাবে নির্যাতন করছেন ভারতীয় বিএসএফ। তারা বার বার আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে। এ নিয়ে আমাদের আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত।

বিজিবি’র রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তের ১৫০ গজের ভেতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ ও খুঁটি স্থাপনের সুযোগ নেই। বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান নিয়ে তা প্রতিহত করেছে। ওই ঘটনায় বিজিবি-বিএসএফ’র মধ‌্যে আলোচনা হয়েছে এবং বিজিবি’র পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে ।

সর্বশেষ

জনপ্রিয়