১৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০২ জুন, ২০২৬ - 02 June, 2026

রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

23
2026-06-01 17:14:26

news-picture

আব্দুল্লাহ আল আমিন, রংপুর:  

রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা জুন) সকালে রংপুরের স্কাইলন হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর জেলা কার্যালয় এই সেমিনার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তৃতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, অন্যান্য ব্যবসার মতো খাদ্য ব্যবসাও একটি পবিত্র পেশা। তবে গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে খাদ্য পৌঁছানোই এই পেশার মূল চ্যালেঞ্জ। এক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সাময়িক লাভের চিন্তা না করে একটি সুস্থ জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। খাদ্য উৎপাদন থেকে খাবারের টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি স্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পুষ্টিগুণ বজায় রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পর্যায়ে সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক ও প্রশিক্ষণের মতো প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রশাসনের সাথে সমন্বয় করে বিভিন্ন অভিযান চালানোর পাশপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে নমুনাও পরীক্ষা করছে। তিনি শুধু সরকারি প্রতিষ্ঠানের আইন প্রয়োগের ওপর নির্ভর না করে নিরাপদ খাদ্য নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন প্রমুখ। এছাড়াও সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় পীরগঞ্জ, রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. ছাদেকুল ইসলাম।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় খাদ্য উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।        

সর্বশেষ

জনপ্রিয়