গোবিন্দগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ ৬ মাদকসেবী গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ মাদকসেবীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
জানা গেছে, গাইবান্ধা জেলা ডিবি পুলিশের একটি টিম গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাইহাট হাইস্কুল সংলগ্ন পশ্চিম পাশে কৃষি বিপণন অধিদপ্তরের শস্য গুদামের একটি পরিত্যক্ত কক্ষ থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকালে ৬ জনকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় সেখান থেকে আরও ৩/৪ জন পালিয়ে যায়। এ ছাড়াও সেখান থেকে মাদক সেবনের কাজে ব্যবহৃত ৬টি ফুয়েল পেপার, ৬টি প্লাস্টিকের কর্ক ও ৬টি পাইপ জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ওই এলাকার সিহাব মিয়া সরকার (২১), আপেল মাহমুদ প্রধান (৩০), রাজিব আহম্মেদ শেখ (২৩), নাজমুল হোসেন সরকার (২০) মারুফ কবির প্রধান (২৭) এবং শাকিল মাহমুদ সরকার (২৯)। পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি ও মাদক সেবীসহ ৬ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং গতকাল রোববার আদালতের মাধ্যমে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।