১০ শ্রাবণ, ১৪৩৩ - ২৬ জুলাই, ২০২৬ - 26 July, 2026

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে চার গরুসহ বসতঘর পুড়ে ছাই

110
2026-07-25 21:43:17

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিসামত গ্রামে অগ্নিকাণ্ডে এক দিনমজুরের চারটি গরু ও বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বিবিদাস চন্দ্র রায় দিনমজুরি করে সংসার চালান।

স্থানীয়রা জানান, মশা তাড়ানোর জন্য গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে গোয়ালঘরে থাকা চারটি গরু পুড়ে মারা যায়। পরে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা দীপক বলেন, আগুন দেখতে পেয়ে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। তবে বাড়ির পথে বাঁশঝাড় থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা সময় লাগে। ততক্ষণে গরুগুলো মারা যায় এবং আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত বিবিদাস চন্দ্র রায়ের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেক কষ্ট করে গরুগুলো লালন-পালন করেছিলাম। এক রাতেই সব শেষ হয়ে গেছে।

কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, বিবিদাস অনেক কষ্ট করে এই সম্পদ গড়ে তুলেছিলেন। অগ্নিকাণ্ডে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চলতি দায়িত্বে থাকা স্টেশনমাস্টার আব্দুল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে চারটি গরু ও বসতঘরের মালামাল পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী আতাউর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিকভাবে দুই প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়