৯ কার্তিক, ১৪৩৩ - ২৪ অক্টোবর, ২০২৬ - 24 October, 2026

উলিপুরে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

41
2026-10-24 18:40:20

news-picture

উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান আসামি হৃদয় হাসান ওরফে রাকিবকে (১৯) ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি।

গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এসআরবির সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত সহকারী পরিচালক (মিডিয়া) মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দারুস সালাম থানাধীন ডেলটা হাসপাতালের সামনে তাকে গ্রেফতার করা হয়। রাকিব উলিপুর উপজেলার নন্দুনেফড়া গ্রামের রানু মিয়ার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ জুন দেখা করার কথা বলে রাকিব তাকে দলদ‌লিয়ার কাজির মসজিদ হাফিজিয়া মাদরাসায় যেতে বলেন। সেখানে রাত দুইটার দিকে মাদরাসার শিক্ষক ও মামলার অপর আসামি শহিদুল ইসলাম ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, চিৎকার শুনে রাকিব সেখানে উপস্থিত হন। পরে ওই কিশোরীকে মাদরাসার অন্য একটি কক্ষে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এ ঘটনায় কিশোরীর দাদা বাদী হয়ে উলিপুর থানায় মামলা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, রংপুরের সদর কোম্পানি এবং এসআরবি-৪, সিপিসি-২, মিরপুর ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ ব‌লেন, শ‌নিবার (২৪ অক্টোবর) দুপুরে তা‌কে কুড়িগ্রাম জেলহাজ‌তে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়