১১ কার্তিক, ১৪৩৩ - ২৬ অক্টোবর, ২০২৬ - 26 October, 2026

ফুলবাড়ীতে হাডুডু ফাইনাল অনুষ্ঠিত

37
2026-10-26 17:56:14

news-picture

আঞ্চলিক প্রতিনিধি:

‘মাদককে না বলি, মাঠে গিয়ে খেলা করি’ এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মরহুম রমজান আলী মণ্ডলের স্মরণে হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত সাড়ে ৯টায় উপজেলার টেপরির বাজারসংলগ্ন তালুক শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ফুলবাড়ী হাডুডু দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বালারহাট হাডুডু দল।

শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে হাজারো দর্শকের উপস্থিতিতে মাঠ ছিল উৎসবমুখর। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এ খেলা দেখতে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের ভিড় জমে। ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল ও যুগ্ম সদস্য সচিব আরাবুর রহমান পাশা। এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খেলা শুরুর আগে যুগ্ম সদস্য সচিব আরাবুর রহমান পাশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সোহেল হোসাইন কায়কোবাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার ও সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল।

বক্তারা বলেন, তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। হাডুডুর পাশাপাশি ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন প্রতিটি পাড়া-মহল্লায় ছড়িয়ে দিতে হবে। এতে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গঠনের সুযোগ পাবে।

বক্তব্য শেষে হাডুডু প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সোহেল হোসাইন কায়কোবাদ।

খেলা শেষে চ্যাম্পিয়ন বালারহাট হাডুডু দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি বড় খাসি ছাগল তুলে দেওয়া হয়। রানার্সআপ ফুলবাড়ী হাডুডু দল পায় একটি ছোট খাসি ছাগল।

শিমুল সীমান্ত ক্রীড়া চক্রের সভাপতি জীবন মিয়া ও সাধারণ সম্পাদক পারভেজ হাসান বলেন, ‘মাদককে না বলি, মাঠে গিয়ে খেলা করি’ স্লোগানকে সামনে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। রবিবার রাতে ফাইনাল খেলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। পুরো আয়োজন জুড়েই দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল।

উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল বলেন, খেলাধুলার চর্চা কমে যাওয়ায় অনেক তরুণ মাদকের ঝুঁকিতে পড়ছেন। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে হাডুডুসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের প্রত্যেককে নিজ নিজ পাড়া-মহল্লায় নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার পাশাপাশি তাদের জন্য সুস্থ বিনোদন ও শারীরিক চর্চার সুযোগ তৈরি করতে হবে। এর মাধ্যমে তরুণদের সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা সম্ভব হবে।

সর্বশেষ

জনপ্রিয়