১১ কার্তিক, ১৪৩৩ - ২৬ অক্টোবর, ২০২৬ - 26 October, 2026

লালমনিরহাটে পূবালী ব্যাংকের "ক্যাশলেস ব্যাংকিং" ক্যাম্পেইন ও র‍্যালি

11
2026-10-26 19:19:33

news-picture

একরামুল হক একরাম, লালমনিরহাট:

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়িতে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে পিআই অ্যাপসের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, বড়বাড়ি শাখার ব্যবস্থাপক দুলাল চন্দ্র রায়।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম মান্না, শাহেবর হোসেন সুমন, ঠিকাদার মোজাম্মেল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থায় ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পিআই অ্যাপসের মতো ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে নগদ অর্থ বহনের ঝুঁকি কমানোর পাশাপাশি লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি এবং গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও গতিশীল করা সম্ভব। ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় সাধারণ মানুষকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল লেনদেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং গ্রাহকদের প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবায় অভ্যস্ত করে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় পূবালী ব্যাংকের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কেও গ্রাহকদের অবহিত করা হয়।

আলোচনা সভা শেষে ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শিমুলতলা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অতিথিদের নাশতা পরিবেশন করা হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও পূবালী ব্যাংক পিএলসি, বড়বাড়ি শাখার ব্যবস্থাপক দুলাল চন্দ্র রায়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

 

সর্বশেষ

জনপ্রিয়