১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৬ মে, ২০২৬ - 26 May, 2026

অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে নয়, প্রথম চয়েস হিসেবেই শিক্ষার্থীরা আসবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে: উপাচার্য ড. মো. ইস্রাফিল

12
2026-05-26 15:48:45

news-picture

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

অন্য কোথাও চান্স না পেয়ে নয়, বরং প্রথম পছন্দ বা 'ফার্স্ট চয়েস' হিসেবেই শিক্ষার্থীরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে—এমন এক যুগান্তকারী লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন নবনিযুক্ত উপাচার্য ড. মো. ইস্রাফিল। তিনি বলেন, বেগম রোকেয়া, রাজশাহী বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে টেক্কা দিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়াই এখন তাঁর সবচেয়ে বড় পরীক্ষা।

মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য ড. মো. ইস্রাফিল বলেন, "আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক ছিলাম। তাই আমার ভেতরেও একটা সুস্থ প্রতিযোগিতা কাজ করে। আমাদের লক্ষ্য শুধু স্থানীয় ছেলেমেয়েদের ধরে রাখাই নয়, বরং দেশের অন্যান্য অঞ্চলের মেধাবীদেরও এখানে টেনে আনা। কোনো শিক্ষার্থী যেন এটাকে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পাওয়ার বিকল্প হিসেবে না দেখে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নিজেই যেন শিক্ষার্থীদের প্রথম পছন্দের স্বপ্নের জায়গা হয়ে ওঠে। আর শিক্ষা ও গবেষণার মান উন্নত করার মাধ্যমেই এই পরিবেশ তৈরি করা সম্ভব।"

একটি নতুন বিশ্ববিদ্যালয় চালু করার মানসিক চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রতিদিন আমার মনে হয় অনেক চাপ লাগে। কিন্তু চাপ তখনই আর লাগে না যখন আপনাদের মতো মাটির মানুষের সাথে থাকি, কথা বলি। বিশ্ববিদ্যালয় মানেই হচ্ছে নতুন চিন্তা, গবেষণা ও ভাবনার জায়গা। সেই জায়গা থেকে কারিকুলাম বা যেকোনো বিষয়ে আপনাদের কোনো ভালো আইডিয়া থাকলে আমাকে জানাবেন।"

বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, "সাংবাদিক সহ আপনাদের মনে যখনই কোনো সমালোচনার কথা আসবে, আগে না লিখে একটু আমার সাথে পরামর্শ করে নিবেন। যেকোনো ধরনের জবাবদিহির জন্য আমার ফোন নম্বর সবসময় খোলা। আপনারা মতামত দিন, গঠনমূলক সমালোচনা করুন এবং সঠিক গাইডলাইন দিন।"

নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে ড. মো. ইস্রাফিল বলেন, "পিয়ন, দারোয়ান থেকে শুরু করে যেকোনো পদের লোক এই অঞ্চল থেকেই নেওয়া হবে। তবে মনে রাখতে হবে, তারা ৩৫-৪০ বছর এই প্রতিষ্ঠানে চাকরি করবেন। তাই যারা আসবেন, তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদা ও কদর বুঝতে হবে। পুরো টিমকে পরিশ্রমী, মেধাবী ও দায়িত্বশীল হতে হবে। তা না হলে দু-একটা ভুল নিয়োগ হয়ে গেলে তার মাশুল ৩৫-৪০ বছর টানতে হবে।"

দেশ গঠনে সবাইকে সর্বোচ্চ পরিশ্রম করার তাগিদ দিয়ে উপাচার্য আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন, আমাদেরও সেভাবে কাজ করতে হবে। শুধু প্রধানমন্ত্রী একাই কাজ করবেন আর আমরা এটাকে সাধারণ চাকরি হিসেবে নেব—তাহলে কিন্তু বিএনপির বড় ব্যর্থতা হবে। দল ও প্রশাসনের সকল স্তরের মানুষ যদি কাজের মাধ্যমে এই ২৪ ঘণ্টার ডেডিকেশন না দেখায়, তবে আগামী নির্বাচন আমাদের জন্য বিপজ্জনক হতে পারে।"

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়কে কেমন দেখতে চাই, তা নিয়ে আমি খুব শীঘ্রই এলাকার স্কুল, কলেজ, এমনকি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও যাব। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করব। এগুলো আমার গবেষণার কাজের জন্যও দরকার, যা আগামী ২০ বছর পর বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নের একটি ঐতিহাসিক আর্কাইভ বা স্মৃতি হিসেবে থেকে যাবে।"

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।

অনুষ্ঠান শেষে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিলকে বিশেষ সম্মাননা ক্রেস তুলে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়