১৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৯ মে, ২০২৬ - 29 May, 2026

ঈদের দ্বিতীয় দিনে মহিপুর তিস্তা সেতুতে দর্শনার্থীদের ঢল

137
2026-05-29 16:37:24

news-picture
পরিবার-পরিজনের সঙ্গে আনন্দে মুখর তিস্তা পাড়, নিরাপত্তায় সতর্ক পুলিশ

নির্মল রায়:

পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর তিস্তা সেতু এলাকায় উপচে পড়া দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের ছুটির আনন্দ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন তিস্তা নদীর মনোরম পরিবেশ দেখতে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সেতু এলাকায় ছিল মানুষের ব্যাপক উপস্থিতি। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের কেউ ছবি তুলতে, কেউ নদীর সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত সময় পার করতে দেখা যায়। স্থানীয়দের মতে, বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের সংখ্যা আরও বাড়তে থাকে।

ঈদকে ঘিরে সেতু এলাকার আশপাশে বেড়েছে অস্থায়ী দোকানপাটও। বিভিন্ন ধরনের খাবার, আইসক্রিম, পানীয় ও খেলনার দোকানে ছিল উপচে পড়া ভিড়। অনেকে স্মৃতিকে ধরে রাখতে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে মহিপুর তিস্তা সেতু এলাকা অন্যতম বিনোদনকেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ-তরুণী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন,

“ঈদ উপলক্ষে তিস্তা সেতু এলাকায় মানুষের উপস্থিতি বেড়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”

দর্শনার্থীদের অনেকেই জানান, ঈদের ব্যস্ততার মাঝেও পরিবার নিয়ে কিছুটা স্বস্তির সময় কাটাতে তারা তিস্তা পাড়ে এসেছেন। আব্দুস সালাম নামে এক  দর্শনার্থী বলেন, “নদীর প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। পরিবার নিয়ে এখানে এসে ঈদের আনন্দ আরও বেড়ে গেছে।”

আরেক দর্শনার্থী বলেন, “শহরের কোলাহল থেকে দূরে তিস্তার পাড়ে এসে অনেক ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর।”

সবমিলিয়ে ঈদের ছুটিতে নদীর নির্মল বাতাস আর প্রাকৃতিক সৌন্দর্যে মুখর হয়ে উঠেছে মহিপুর তিস্তা সেতু এলাকা।

 

 

সর্বশেষ

জনপ্রিয়