৯ ভাদ্র, ১৪৩৩ - ২৫ আগস্ট, ২০২৬ - 25 August, 2026

তিস্তার বুকে নৌকায় মহিষের গাড়ি, এভাবেই চলছে চরবাসীর জীবন

23
2026-08-24 21:24:29

news-picture

নির্মল রায়:

নৌকার ওপর মহিষের গাড়ি, গাড়িতে স্তূপ করে রাখা মালামাল। সামনে জোড়া মহিষ, আর তাদের সামলাতে ব্যস্ত চালক। সঙ্গে রয়েছে মোটরসাইকেলও। তিস্তার বুকের এমন দৃশ্য প্রথম দেখায় অবাক করার মতো হলেও, রংপুরের গঙ্গাচড়ার চরাঞ্চলের মানুষের কাছে এটি নিত্যদিনের বাস্তবতা।

তিস্তা নদীর গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা খেয়াঘাটে দেখা যায় এমন চিত্র। নদীর এক পাড়ে গঙ্গাচড়ার চরাঞ্চল, অন্য পাড়ে লালমনিরহাটের কালীগঞ্জ। নদী পার হতে সড়কপথের সুযোগ না হওয়ায় খেয়া নৌকাই এখানকার মানুষের অন্যতম ভরসা। আর সেই খেয়ায় শুধু মানুষ নয়—পার হয় মহিষের গাড়ি, মালামাল ও মোটরসাইকেলও।

ছবিতে দেখা যায়, বাঁশের পাটাতনে তৈরি খেয়া নৌকার ওপর একটি মহিষের গাড়ি তোলা হয়েছে। গাড়িতে রয়েছে বস্তাভর্তি মালামাল। দুটো মহিষ নৌকার ওপর দাঁড়িয়ে আছে। চালক লাগাম ধরে তাদের সামলাচ্ছেন। নৌকার এক পাশে মোটরসাইকেল, অন্য পাশে মালামাল। তিস্তার পানি আর আকাশের মেঘলা আবহের মধ্যে নৌকাটি ধীরে ধীরে এগিয়ে চলছে গন্তব্যের দিকে।

এই খেয়াঘাট দিয়ে মিনা বাজার, আশ্রয়ণ বাজার, আনন্দ বাজারসহ বিভিন্ন দ্বীপচরের মানুষ নিয়মিত যাতায়াত করেন। বাজার করা, কৃষিপণ্য আনা-নেওয়া, প্রয়োজনীয় মালামাল পরিবহনসহ নানা কাজে তাদের নদী পার হতে হয়।

মহিষের গাড়িচালক জামিয়ার (৪০) বলেন, “চরের মানুষের মালামাল আনা-নেওয়ার কাজে মহিষের গাড়ি ব্যবহার করি। নদী পার হতে হলে গাড়িসহ মহিষকে নৌকায় তুলতে হয়। নদীতে স্রোত বেশি থাকলে ভয়ও লাগে। কিন্তু আমাদের জন্য এটাই সহজ পথ।”

আরেক চালক লোকমান (৩৫) বলেন, “মহিষের গাড়ি নিয়ে নদী পারাপার করা আমাদের প্রতিদিনের বিষয়। নৌকা না থাকলে অনেক দূর ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ দুটোই বেশি লাগে।”

খেয়াঘাটের ইজারাদার আবু তালেব বলেন, “এই ঘাট দিয়ে চর ও দ্বীপচরের অনেক মানুষ প্রতিদিন পারাপার হন। মানুষ ছাড়াও মহিষের গাড়ি, মোটরসাইকেল ও বিভিন্ন মালামাল নৌকায় পার করা হয়। চরবাসীর যাতায়াতের জন্য ঘাটটি খুবই গুরুত্বপূর্ণ। নদীর স্রোত ও পানির অবস্থা বুঝে নৌকা চালাতে হয়।”

স্থানীয়দের ভাষ্য, তিস্তার চরাঞ্চলের মানুষের জীবন নদীর সঙ্গে গভীরভাবে জড়িত। নদী তাদের জীবিকার অংশ হলেও যোগাযোগের ক্ষেত্রে সেটিই আবার বড় বাধা। বর্ষা ও নদীতে স্রোত বাড়লে পারাপারে দুর্ভোগ ও ঝুঁকি দুটোই বেড়ে যায়।

তবু থেমে থাকে না জীবন। জীবিকার প্রয়োজনে মহিষের গাড়ি নিয়ে মানুষ উঠে পড়েন খেয়া নৌকায়। নৌকার ছোট্ট পাটাতনে দাঁড়িয়ে থাকে মহিষ, পাশে মালামাল, আর মাঝনদীতে এগিয়ে চলে তাদের স্বপ্ন ও প্রয়োজনের বাহন।

নৌকার ওপর মহিষের গাড়ি—দৃশ্যটি অদ্ভুত হলেও তিস্তাপাড়ের মানুষের কাছে এটাই বাস্তবতা। নদী পেরিয়ে বাজারে যেতে, মালামাল পৌঁছাতে কিংবা জীবিকার প্রয়োজনে তাদের প্রতিদিনই এভাবেই পাড়ি দিতে হয় তিস্তা।

সর্বশেষ

জনপ্রিয়