১১ কার্তিক, ১৪৩৩ - ২৬ অক্টোবর, ২০২৬ - 26 October, 2026

লালমনিরহাটে সীমান্ত পেরিয়ে আসা বাঘের হামলায় ৪ বাংলাদেশি আহত

13
2026-10-26 19:31:43

news-picture

লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এলাকা থেকে আসা একটি বাঘের আকস্মিক আক্রমণে চার বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বন বিভাগ এখন পর্যন্ত বাঘটি উদ্ধার করতে পারেনি। তবে সোমবার দুপুরের পর থেকে ঢাকা থেকে আসা একটি বিশেষ টিম বাঘটি উদ্ধারে কাজ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সীমান্তবর্তী ওপার থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে। ওই সময় মাঠের বিভিন্ন এলাকায় কৃষিকাজ করছিলেন স্থানীয়রা। বাঘের আকস্মিক হামলায় শরিফা বেগম, আফসার উদ্দিন ও নজরুল ইসলামসহ চারজন গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, সীমান্তের ওপার থেকে পরিকল্পিতভাবে বাঘটি বাংলাদেশের লোকালয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে বাঘটিকে এখনো কাবু করা সম্ভব হয়নি। এ ঘটনায় সীমান্তবর্তী পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আল মামুন জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা উপজেলা নিবার্হী কর্মকর্তা দীপ জন মিত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাঘের আতঙ্কে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। বন্যপ্রাণীটি দ্রুত উদ্ধারে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়