৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২০ মে, ২০২৬ - 20 May, 2026

গঙ্গাচড়ায় তিস্তা চরের খাস জমি জবরদখলে সংঘর্ষ পাল্টাপাল্টি মামলা

580
2025-09-14 04:31:28

news-picture
আবারো পরিস্থিতি উত্তপ্ত

নিজস্ব প্রতিবেদক:

তিস্তার চরাঞ্চলে মাত্র একুশ শতক খাস জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার পর বর্তমান পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। চরম উত্তেজনা বিরাজ করছে দু'পক্ষের মাঝে। যে কোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের জয়রাম ওঝা গ্রামে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সরেজমিন উপস্থিত হলে চর জয়রামওঝা গ্রামের আব্দুল মজিদ ঝরু, আতিয়ার রহমান, একরামুল হক, ছকির মিয়া, রমজান আলী, রাফিউল ইসলাম, সবুজ মিয়া, রফিকুল ইসলাম, সাজু মিয়াসহ অনেকের সাথে কথা হয়।

আব্দুল মজিদ ঝরু (৬২) ও আতিয়ার রহমান (৭২) জানান, মৌজার ১২৯৫ নং দাগে ৪২ শতক জমিতে ৪-৫ যুগ আগে থেকে বসতবাড়ি ছিল মরহুম আতিয়ার রহমানের। নদী ভাঙ্গনের ফলে বসতবাড়ি সরিয়ে নেন আতিয়ার। অল্প দিনের মধ্যেই সেখানে চর জেগে ওঠে।  আবারো চাষাবাদ শুরু করেন আতিয়ার রহমান। তার মৃত্যুর পর তার ছেলে চান মিয়া (৩৬) ওই জমি চাষাবাদ করে আসছিলেন।

১২৯৫ নং দাগ সংলগ্ন দক্ষিণে ৫৩৮ নং দাগের জমি দীর্ঘদিন ধরেই ভোগ করে আসছেন মরহুম খিজির উদ্দিন গুড়াতি ও তার ছেলে মোজাম্মেল হক (৬৭)।

সাজু মিয়া ও রফিকুল ইসলামসহ অনেকে জানান, বিগত প্রায় ১০ বছর পূর্বে দিয়ারা রেকর্ড মূলে মোজাম্মেল হক ১২৯৫ দাগে ২১ শতক জমি দাবি করেন। ফলে চান মিয়া তার ভোগ দখলীয় ৪২ শতক জমি থেকে ২১ শতক জমি মোজাম্মেল হককে ছেড়ে দেন। অবশিষ্ট ২১ শতক খাস জমি চান মিয়া নিজে ভোগ দখল করে আসছেন। গত ৬ সেপ্টেম্বর মোজাম্মেল হক স্বদলবলে চান মিয়ার ওই ২১ শতক জমিও জবর দখল করতে যান এবং ওই জমিতে চান মিয়ার লাগানো রোপা আমন ক্ষেত নষ্ট করেন। চান মিয়া ও তার লোকেরা এতে বাধা দিলে উভয়পক্ষে সংঘর্ষ হয়।  ধান ক্ষেতে অনুষ্ঠিত ওই সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন করে মোট ১০ জন আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষই ৭ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় মামলা (নং- ১০ ও ১১) দায়ের করেন। উভয় পক্ষের আসামীরা আদালত থেকে জামিন নিয়ে আসলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনো মুহূর্তে আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা গঙ্গাচড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু হানিফ সরকার জানান, উভয়পক্ষের মামলা দুটি তদন্তাধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়