১০ লক্ষ টাকার গাঁজাসহ ব্যবসায়ী আটক
১০ লক্ষ টাকার গাঁজাসহ ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের খানসামায় প্রায় ১০ লক্ষ টাকার ৬৮ কেজি গাঁজাসহ আকিবুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আকিবুল ইসলাম ওই এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও তফির মেম্বার পাড়া এলাকায় তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার শয়নকক্ষ থেকে ট্রাঙ্কে রাখা ৬৭.৪ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। অভিযান চলাকালে পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার নশরতপুর বটিকাটা পাড়া এলাকার আজাহার আলী (৫০) পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
এবিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬৭.৪ কেজি গাঁজাসহ আকিবুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। থানা পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি কামরুজ্জামান সরকার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখতে উপজেলা প্রশাসন সহযোগিতা প্রদান করবে। এইজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন থাকতে হবে।
আমাদের প্রতিদিন/মাসফিকুল