৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

উলিপুরে শয়নঘর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

132
2026-04-15 03:38:14

news-picture

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে নিজ শয়নঘর থেকে  আব্দুল জব্বার (৬১) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পূর্ব কালুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল জব্বার ওই এলাকার মেহের আলীর ছেলে।

পুলিশ জানায়, নিহত আব্দুল জব্বার সোমবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমাতে যান। আজ (মঙ্গলবার) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে তার ভগ্নিপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম বকস খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। পরে তিনি ঘরে ঢুকে আব্দুল জব্বারকে ঘরের ধরনার (বাঁশের আড়া) সঙ্গে গলায় ঝুলন্ত অবস্থায় ঝুলতে দেখেন। এ সময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, নিহত আব্দুল জব্বারের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিশেষ করে দ্বিতীয় স্ত্রী ফরিদা বেগমের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে প্রায়ই তার ঝগড়া-বিবাদ হতো। গত ১২ এপ্রিল এ নিয়ে তাদের মধ্যে আবারও বিরোধের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে দ্বিতীয় স্ত্রী ফরিদা বেগম তার বাবার বাড়িতে চলে যান।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে   ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

  

সর্বশেষ

জনপ্রিয়