নব-নির্মিত মৌচোষা বিওপি শুভ উদ্বোধন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
সীমান্তের নিরাপত্তা ও চোরাচালান রোধে বিরলে ভারত-বাংলাদেশ শূন্যরেখার নিকটে আরো একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) শুভ উদ্বোধন করা হয়েছে। এর আগে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর আওতাধীন দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিঃমিঃ সীমান্ত সুরক্ষায় বিওপি ছিল ২০ টি। আজ আরো একটি উদ্বোধনের মধ্য দিয়ে আওতাধীন এলাকায় ২১ টি বিওপি পেলো দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। প্রায় ১ একর জায়গার উপরে বিভিন্ন স্থাপনা সম্বলিত বিওপিটি নির্মিত হয়।
সেই লক্ষ্যে ১৬ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার রংপুর উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের (পিএসসি, জি+) কর্তৃক "মৌচোষা বিওপি" শুভ উদ্বোধন করা হয়।
উক্ত বিওপি উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, (বিজিবিএম পিবিজিএম, পিএসসি) ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান-সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে নিরলসভাবে কাজ এবং সার্বক্ষণিক দেশের সীমান্ত রক্ষা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিজিবি, উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর এর আওতাধীন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় ৯৯ কিঃমিঃ সীমান্ত সুরক্ষার দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করছে। এই ব্যাটালিয়নের কিশোরীগঞ্জ ও রামচন্দ্রপুর বিওপির মধ্যবর্তী এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে, শূন্যরেখার নিকটবর্তী এলাকায় চোরাচালান রোধ এবং সীমান্ত রক্ষায় বিরল উপজেলার ০৬ নং ভাণ্ডারা ইউনিয়নের মৌচোষা নামক স্থানে "মৌচোষা বিওপি" স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
উক্ত বিওপি উদ্বোধনের পরবর্তীতে আভিযানিক কার্যক্রমের মাধ্যমে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মাদক পাচার রোধ, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ বিভিন্ন আন্তঃ সীমান্ত অপরাধ সমূহ দমন আরো বেগবান হবে ও সীমান্তে আস্থার পরিবেশ সমুন্নত থাকবে। এছাড়া সীমান্তে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে।
রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি ২৪ ঘন্টা সকল প্রতিকূল পরিবেশে মাতৃভূমি রক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে দুষ্কৃতিকারী যেন কোন অবৈধ অস্ত্র নিয়ে এসে দেশের ভিতর অরাজকতা সৃষ্টি করতে না পারে তা নিয়ন্ত্রণ ও রোধে আমরা বন্ধপরিকর ও সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও সীমান্ত এলাকা দিয়ে জ্বালানী ও ভোজ্য তেলের পাচার প্রতিরোধে চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষার্থে সংকল্পবদ্ধ এবং স্বাভাবিক রাখতে সর্বদা কাজ করেছে, করছে এবং কাজ করে যাবে ইনশাআল্লাহ। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালন করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহের মাধ্যমে সকলের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের মত ভবিষ্যতেও স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজ এই সহযোগিতা অব্যাহত রাখবেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপনকৃত "মৌচোষা বিওপি" এর মাধ্যমে সীমান্ত সুরক্ষাসহ সীমান্তবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হবে বলে তিনি মত পোষণ করেন এবং মহান আল্লাহর নিকট বিওপিটি'র সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করেন।