২১ আষাঢ়, ১৪৩৩ - ০৫ জুলাই, ২০২৬ - 05 July, 2026

বেরোবিতে কর্মকর্তাদের কর্মবিরতি, পদোন্নতি ও আপগ্রেডেশন বৈষম্যের অভিযোগ

133
2026-05-21 20:05:04

news-picture

বেরোবি প্রতিনিধি :

পদোন্নতি ও আপগ্রেডেশন সংক্রান্ত বৈষম্য, প্রহসন এবং হয়রানির অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন বিভাগ ও দপ্তরে কর্মরত কর্মকর্তারা। বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা এ কর্মবিরতি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ড গঠনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। এতে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

অবস্থানরত কর্মকর্তা সহকারী রেজিস্ট্রার সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আপগ্রেডেশন বোর্ডের আশ্বাস পেলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। উপাচার্য মহোদয়ের কথায় বিশ্বাস রেখে অপেক্ষা করেছি, কিন্তু বারবার সময় দিয়েও বোর্ড সম্পন্ন করা হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সমাধানের চেষ্টা করেও কোনো অগ্রগতি না হওয়ায় আমরা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছি।”

কর্মকর্তারা অভিযোগ করেন, পূর্বে একই নীতিমালার আওতায় কাউকে কাউকে সপ্তম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে ডেপুটি রেজিস্ট্রার বা সমস্কেল আপগ্রেডেশন দেওয়া হলেও অনেকে বঞ্চিত হয়েছেন। তাদের দাবি, যাদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাদের মধ্যে কেউ কেউ চাকরিতে যোগদানের দিক থেকে বর্তমান আন্দোলনরত কর্মকর্তাদের চেয়েও জুনিয়র।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “আপগ্রেডেশন বোর্ড ৯ মে বসার কথা ছিল। তবে শিক্ষা মন্ত্রণালয় একযোগে ২২টি বিশ্ববিদ্যালয়ে বোর্ড স্থগিত করেছে। ঈদের পর খুব দ্রুতই তারা পদোন্নতি পাবে বলে আশা করি। ২৫ জন কর্মকর্তা বৈষম্যের শিকার হলেও আজ কর্মবিরতিতে বসেছে ৮ জন। বাকিরা বিষয়টি অনুধাবন করতে পেরেছে, কিন্তু এরা কেন পারছে না তা আমার বোধগম্য নয়।”

সর্বশেষ

জনপ্রিয়