৭ ভাদ্র, ১৪৩৩ - ২২ আগস্ট, ২০২৬ - 22 August, 2026

লালমনিরহাটের স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ !

221
2026-05-24 17:21:19

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের আদিতমারীতে স্বপ্না বেগম (৪৮) নামে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) দুপুরে ওই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামে বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতির বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপ্না বেগম ওই এলাকার মৃত নজমল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে স্বামীর সঙ্গে স্বপ্নার বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি ঢাকায় থাকতেন এবং মাঝেমধ্যে বাবার বাড়িতে আসতেন। গত চার দিন আগে তিনি ঢাকা থেকে বাড়ি ফেরেন। বাবার বাড়ি সংলগ্ন ভগ্নিপতি নান্নু সরকারের ‘স্বচ্ছ মঞ্জিল’ নামের বাড়িটি খালি থাকায় স্বপ্না সেখানেই অবস্থান করছিলেন। চারদিকে প্রাচীর ঘেরা ওই বাড়িতে প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি ঘুমাতে যান। পরদিন সকালে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ওই বাড়িতে যান। এ সময় গেট খোলা পেয়ে ভেতরে ঢুকে স্বপ্নার বিবস্ত্র মরদেহ দেখতে পান এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেন।

খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বিবস্ত্র মরদেহ দেখে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে পালিয়ে গেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়