৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১৮ মে, ২০২৬ - 18 May, 2026

রংপুরে আঞ্চলিক পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্‌বোধন

10
2026-05-18 19:29:05

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে আঞ্চলিক পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৬-এর উদ্‌বোধন করা হয়েছে। সোমবার (১৮ই মে) সকালে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে স্পোর্টসের উদ্‌বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। রংপুর বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই অনুষ্ঠান আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মেধা ও মনন বিকাশের সুযোগ দিতে হবে। একমাত্র ক্রীড়াই একটি শিশুকে তার নেতিবাচক চিন্তা থেকে দুরে রাখতে পারে। তিনি আরো বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়ার মাধ্যমে একজন তরুণ যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে ওঠে, তেমনি দেশও পায় যোগ্য ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক।

ক্রীড়া পেশা প্রসঙ্গে তিনি বলেন, ক্রীড়াবিদ অন্যান্য পেশাজীবীদের মতোই সম্মানজনক পেশা। একজন ক্রীড়াবিদ নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা আনার পাশাপাশি দেশের মুখোজ্জ্বল করতে পারে। প্রতিমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াবিদরা সাফল্য অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এজন্য তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে নতুন কুঁড়ির এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

উদবোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রংপুর বিভাগের আট জেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক, বিপুল সংখ্যক দর্শক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার এক হাজার ৩৬৫ জন প্রতিযোগী ৮টি ইভেন্টে অংশগ্রহণ করবেন।

সর্বশেষ

জনপ্রিয়