কাউনিয়ায় কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ জুম্মারপাড়ে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক মৎস্যচাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১০জুন) সকাল ১০টায় ব্র্যাক ফিসারিজের বাস্তবায়নে ব্র্যাক’র অফিসার সেলস আব্দুল জলিলের সভাপতিত্বে প্রশিক্ষনে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা মৎস্য সহকারি মো. আশরাফুল ইসলাম। এসময় জিহাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রুহুল আমিনের সঞ্চালনায় মৎস্য খামারি ও মৎস্যচাষীদের প্রশিক্ষণ প্রদান করেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিবীদ মো. শামিম হোসাইন।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটরের প্রয়োগ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিয়েও খামারিদের ধারণা দেওয়া হয়। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুনগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা যায়। প্রশিক্ষণে কাউনিয়া উপজেলার ৫০ জন মৎস্য খামারি ও মৎস্যচাষী অংশগ্রহণ করেন। শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মূল্যায়ন করে তাদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়।