১৫ ভাদ্র, ১৪৩৩ - ৩০ আগস্ট, ২০২৬ - 30 August, 2026

দুধের খামার থেকে ঘানির তেল—গঙ্গাচড়ায় ব্যতিক্রমী সফরে মার্কিন রাষ্ট্রদূত

76
2026-08-30 20:59:05

news-picture

নিজস্ব প্রতিবেদক:

গরুর খামারে আধুনিক পদ্ধতিতে গরু পালন দেখলেন, পান করলেন খামারে উৎপাদিত দুধ। এরপর গ্রামবাংলার ঐতিহ্যবাহী তেলের ঘানি দেখতে ছুটে গেলেন চন্দনের হাটে। রোববার (৩০ আগস্ট) রংপুরের গঙ্গাচড়ায় এমনই ব্যতিক্রমী সফরে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের খাপরিখাল এলাকায় প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ডেইরি ফার্মে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা উন্নত জাতের প্রায় ১ হাজার ২০০ গরুর পালন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

এ সময় গাভির পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, দুধ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত জাতের গরুর প্রজনন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। খামারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি এর ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও অবহিত হন তিনি।

প্যারাগন ডেইরির কর্মকর্তারা জানান, গাভির দুধ উৎপাদন বাড়াতে উন্নত পুষ্টির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। খামারে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিন ও ভুট্টাসহ উন্নতমানের পশুখাদ্য উপকরণ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি আমেরিকান জেনেটিক্সের মাধ্যমে উন্নত জাতের গরু পালনের কার্যক্রমও চলছে।

খামার পরিদর্শন শেষে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, উন্নত জেনেটিক্স ও মানসম্মত পশুখাদ্য বাংলাদেশের প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্যও এসব কৃষিপণ্য নতুন বাজারের সুযোগ তৈরি করছে।

প্যারাগন এগ্রো অ্যান্ড ডেইরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান, এজিএম মেজবাহ উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রদূতকে খামারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরে খামারে উৎপাদিত দুধ পান করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

এরপর বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী তেলের ঘানি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে ঘানিতে সরিষা থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জানতে চান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। গ্রামবাংলার পুরোনো এই ঐতিহ্যবাহী পদ্ধতি দেখে আগ্রহ প্রকাশ করেন তিনি।

তেলের ঘানি দেখে রাষ্ট্রদূত বলেন, “ঘানিভাঙা সরিষার তেল তৈরির ঐতিহ্যবাহী পদ্ধতি এখনও সুন্দরভাবে টিকে আছে দেখে ভালো লাগল।”

রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর স্ত্রী ডিয়েন ডাও, মার্কিন দূতাবাসের কর্মকর্তা নিকোল ক্লারিসা বেসনার্ড, সৈয়দ ফাইজুস সালেহিন ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

এ সময় রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার, রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১টার দিকে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পরিদর্শনের উদ্দেশ্যে গঙ্গাচড়া ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্যারাগন ডেইরি ফার্ম পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৃষি খাতের পারস্পরিক সহযোগিতা ও বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিক উন্মোচিত হতে পারে। উন্নতমানের পশুখাদ্য ও জেনেটিক্স ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৃষক ও রপ্তানিকারকদের জন্যও বাংলাদেশে নতুন বাজারের সুযোগ তৈরি হতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়