১৮ আশ্বিন, ১৪৩৩ - ০৩ অক্টোবর, ২০২৬ - 03 October, 2026

গঙ্গাচড়ায় বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

12
2026-10-03 20:03:08

news-picture

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মাথায় আঘাত পেয়ে সাংবাদিক দুলাল রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার গঙ্গাচড়া প্রতিনিধি এবং গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি।

অভিযোগ অনুযায়ী, সংবাদ প্রকাশের জেরে উমর বাজারে প্রকাশ্যে সাংবাদিক দুলালের ওপর দলবদ্ধভাবে হামলা চালানো হয়। একই এলাকার গোলজার হোসেনের ছেলে কামরুল হাসান, তার ছোট ভাই আমানুল্লাহ আমানসহ সহযোগীরা এ হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ বালু উত্তোলন বন্ধে গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় অভিযান পরিচালনা করেন গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। ভূমি ব্যবস্থাপনা ও পরিবেশ আইনে পরিচালিত ওই অভিযানে দায়ীদের ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মুচলেকা নেওয়া হয়। পরে স্থানীয় দৈনিক প্রতিদিনের বার্তাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ওই অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশিত হয়।

সাংবাদিক দুলালের ওপর হামলার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গঙ্গাচড়ায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। তাকে দেখতে হাসপাতালে যান গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সবুর, ইসলামি আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য রায়হান সিরাজীসহ বিভিন্ন ব্যক্তি।

ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে রংপুরের সাংবাদিক সংগঠন আরপিইউজে, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাব, রংপুর সদর উপজেলা প্রেসক্লাব, মিঠাপুকুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও অনলাইন নিউজ পোর্টাল সংগঠন।

গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামাণিক বলেন, “সত্য সংবাদ প্রকাশের জন্য যদি সাংবাদিক এ ধরনের ন্যক্কারজনক হামলার শিকার হন এবং হামলাকারীদের যথাযথ শাস্তির আওতায় আনা না হয়, তাহলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম মুখ থুবড়ে পড়বে।”

আরপিইউজের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির ব্যুরো চিফ সরকার মাজহারুল মান্নান বলেন, “সাংবাদিক দুলালকে হত্যার উদ্দেশ্যে এই অতর্কিত হামলা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠ রোধের চেষ্টা। এই হামলায় শুধু সাংবাদিক আব্দুল বারী দুলালের রক্ত ঝরেনি, রংপুরের গোটা সাংবাদিক সমাজের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা দায়ীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাই। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করি।”

 

সর্বশেষ

জনপ্রিয়