গঙ্গাচড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক:
“শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণ”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।
বিশেষ অতিথির রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আরিফ মাহফুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরুন নবী, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া সরকারি কলেজের প্রভাষক ড. মতিন, কিশামত হাবু দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রকিব মিয়া এবং দোন্দরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। আর সেই শিক্ষা নিশ্চিত করার প্রধান কারিগর শিক্ষকরা। শিক্ষকদের যথাযথ মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন সম্ভব নয়। শিক্ষকদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আদর্শিক ভূমিকার মাধ্যমে একটি প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই শিক্ষার উদ্দেশ্য নয়; একজন শিক্ষার্থীকে মানবিক, সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। এজন্য শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, নিরাপত্তা নিশ্চিত এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের আরও দক্ষ করে তুলতে হবে।