২৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ১১ ডিসেম্বর, ২০২৫ - 11 December, 2025

ডোমার-ডিমলা আসনের সাবেক সাংসদ আফতাব উদ্দিন গ্রেফতার

আমাদের প্রতিদিন
9 months ago
312


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

আত্মগোপনে থাকা বাংলাদেশ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ও নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর সেনপাড়া এলাকার এক বাড়ি থেকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (৫ই মার্চ) দিবাগত রাত ১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে রংপুর শহরের সেনপাড়া এলাকার একটি বাড়ির ৩য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ৫ই আগস্টে পতিত হাসিনা সরকার পলায়নের পর থেকেই রংপুর সেনপাড়ার বাড়িটিতে রুম ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের সাবেক এই সাংসদ। গোপন সংবাদের ভিত্তিতে সেনপাড়ার ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ৪ঠা আগস্ট রংপুর রাজা রামমোহন মার্কেটের সামনে গুলিতে নিহত পথচারী মুন্না হত্যা মামলার আসামি।।

এবিষয়ে আরপিএমপি কমিশনার মজিদ আলী বলেন, রংপুরের মুন্না হত্যা মামলায় অভিযুক্ত আসামি সাবেক সাংসদ আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নীলফামারীর সদর থানা এবং ডিমলা থানায় আরও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অর্থের যোগানদাতা ছিলেন তিনি। এবং বিগত ১৬ বছরে বিরোধীদলীয়দের ওপর নির্যাতন-নিপীড়নের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারকৃত সাবেক সাংসদ আফতাব উদ্দিন সরকার ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে টানা পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth