২১ ফাল্গুন, ১৪৩২ - ০৬ মার্চ, ২০২৬ - 06 March, 2026

গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের সহায়তা

4 days ago
296


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর গ্রামে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা কৃষক মুকুল চন্দ্র রায় (৩৫), পিতা মৃত গুরু চরন রায়, ঘটনার সময় চরাঞ্চলের জমিতে তামাক ক্ষেতে কাজ করছিলেন। তার স্ত্রী অঞ্জনা রানী বাড়ির বসতঘর ও গোয়ালঘর তালাবদ্ধ করে পাশের একটি মন্দিরে যান।

সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে বাড়িতে থাকা মুকুলের মা ও ছোট ভাইয়ের স্ত্রী তালাবদ্ধ ঘর থেকে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় বসতঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ২টি গরু, ১টি ছাগল, নগদ ১২ হাজার টাকা এবং ধান-চাউলসহ প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা। অগ্নিকাণ্ডে পরিবারটির উপার্জনের প্রধান অবলম্বন গবাদিপশু ও কৃষিজ সম্পদ সম্পূর্ণ পুড়ে  যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েন।

ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির মাঝে ২০ হাজার টাকার চেক এবং গৃহনির্মাণের জন্য টিন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম এবং কোলকোন্দ ইউপি সদস্য মনোয়ারুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা ও টিন দেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth